বরিশালে নতুন কুঁড়ি স্পোর্টসের আনন্দ র্যালি অনুষ্ঠিত
সাঈদ পান্থ (বরিশাল): বরিশালে 'নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২'-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নগরীর ঐতিহ্যবাহী অশ্বিনীকুমার টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। পরবর্তীতে নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে র্যালিটি শেষ হয়।
বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও বরিশাল জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' শীর্ষক প্রতিপাদ্য ও স্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ক্রীড়ার ব্যাপক প্রসার এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করে খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।
র্যালিতে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা