সুনামগঞ্জে বাবার বিরুদ্ধে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
সুনামগঞ্জে বাবার বিরুদ্ধে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার জেরে সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক বাবা। ঘাতক বাবা সরফত আলীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও বিষক্রিয়ায় তিন সন্তানেরই করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো—মাওয়া (১০), শামিম (৭) এবং তামিম (২)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত তিন দিন পূর্বে নিহত শিশুদের মা জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরই জেরে গভীর রাতে বাবা সরফত আলী তার তিন সন্তানকে বিষাক্ত দ্রব্য খাইয়ে নিজেও বিষপান করেন। সকালে সাড়াশব্দ না পেয়ে স্বজনরা তাঁদের উদ্ধার করে বাদাঘাট বাজারস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, তিন শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। গুরুতর আহত পিতাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন