ইউরোপের বৈঠকের পর ইরানে মার্কিন হামলার প্রস্তুতি, তেহরানের কঠোর হুঁশিয়ারি

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
ইউরোপের বৈঠকের পর ইরানে মার্কিন হামলার প্রস্তুতি, তেহরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক: ইউরোপের একটি দেশে অনুষ্ঠিত গোপন বৈঠকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের থেকে ‘সবুজ সংকেত’ পেয়ে যুক্তরাষ্ট্র আবারও ইরানে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে তেহরান। রবিবার (২০ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘আইআরআইবি নিউজ’ (IRIB News)-এর এক সামরিক বার্তার সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে তাদের স্থগিত বা ধীরগতির সামরিক ‘কার্যকলাপ’ পুনরায় দ্রুত শুরু করার পরিকল্পনা করছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাদের হাতে এসেছে।

এমন তথ্যের পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সামরিক বাহিনী পরিষ্কার সতর্কবার্তা জারি করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সরাসরি ও ধারাবাহিক পাল্টা হামলা চালানো হবে।

একইসঙ্গে যেসব আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্রকে এই আগ্রাসনে সহায়তা বা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে, তাদেরকে সরাসরি এই সংঘাতের পক্ষ হিসেবে গণ্য করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের সেনা কমান্ড। ওই দেশগুলোর ‘দ্বিমুখী নীতি’র সমালোচনা করে বলা হয়, তারা যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে গণ্য হলে ইরানি বাহিনীর কাছ থেকে কোনো ধরনের ‘সংযম বা সৌজন্য’ আশা করা ভুল হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ক্যাম্প ডেভিডের সপ্তাহান্তের ছুটি সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে আসায় মধ্যপ্রাচ্যের নতুন এই সামরিক উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে।

মন্তব্য করুন