নিষিদ্ধ আ: লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
বিশেষ প্রতিনিধি, নোয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগ ওঠার পর নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। বর্তমানে সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সেনবাগের কাবিলপুর ইউনিয়নের বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এর পরপরই বাতানিয়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিনের নির্দেশে ওসি আবদুর রহিমকে প্রত্যাহার করা হয়। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, বটতলা এলাকায় মিছিলের ঘটনায় শনিবার সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। উক্ত মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
এআইএল/সকালবেলা