কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে কয়েকটি মাস বন্ধ থাকা একটি সিসা কারখানা পুনরায় চালুর প্রতিবাদে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের উভয় পাশে চরম যানজটের সৃষ্টি হয় এবং অ্যাম্বুলেন্সসহ জরুরি রোগীবাহী যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মধ্যপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকার পর কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের মধ্যস্থতায় এবং থানা-পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় সিসা কারখানাটি পুনরায় চালু হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। ফলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়।

তবে কারখানাটির পরিচালক মো. শাহজাহান অভিযোগ অস্বীকার করে বলেন, “সরকারের সব আইন মেনে ও হাইকোর্টের আদেশ নিয়েই কারখানা চালু করা হয়েছে। কারখানাটি পরিবেশের কোনো ক্ষতি করে না, বরং অর্ধশতাধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করেছে।”

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় অবরোধকারীদের বুঝিয়ে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন