জামালপুরে বিচারকের বাসায় চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
জামালপুরে বিচারকের বাসায় চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

মো. ইমরান মাহমুদ, বিশেষ প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে চুরি যাওয়া স্বর্ণ ও রুপার অলংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত ৩০ জুন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার আমলাপাড়া এলাকায় বিচারক আহমাদুল কবির শাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনির বাসায় এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ ১ লাখ টাকা ও প্রায় ১৯ লাখ ১৮ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নেয়।

তদন্তে নেমে পিবিআই সরাসরি চুরিতে জড়িত রাহুল (২৪), বিশাল (২১) ও দুখু মিয়াকে (২৪) গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই সোনা কেনাবেচায় যুক্ত স্বর্ণ ব্যবসায়ী মাসুদ রানা (৪২) ও মোশারফ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

অভিযানে মাসুদের কাছ থেকে ২৩.১৯ গ্রাম গলানো সোনা এবং মোশারফের কাছ থেকে ৮ আনা ৫ রতি স্বর্ণালংকার ও ২৬ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৪ হাজার টাকা।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল চক্রকে গ্রেপ্তার ও আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন