কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
কেন্দ্রীয় খামারে মুরগির বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের মুরগির বাচ্চা (ডিওসি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। একই সাথে খামারের ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অনুপযোগী শেড দ্রুত সংস্কার ও জনবল সংকট নিরসনের তাগিদ দেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিরপুরের কেন্দ্রীয় মুরগি খামার আকস্মিক পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন শেড, হ্যাচারি ও ফিড কারখানা ঘুরে দেখেন এবং বাচ্চা ও ডিমের সার্বিক উৎপাদন কার্যক্রম পর্যালোচনা করেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "এখানে উৎপাদন বাড়লে প্রান্তিক খামারিরা সরাসরি উপকৃত হবেন, যা দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে মুরগির বাচ্চার অস্থিতিশীলতা কমাতে বড় ভূমিকা রাখবে।"

পরিদর্শনকালে খামারের বেশ কিছু ব্যবহারের অনুপযোগী শেড দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়ার পাশাপাশি কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে কঠোর তদারকি করেন তিনি।

এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন