মহিলা মাদরাসা নিয়ে বিভ্রান্তি ছড়ানো অগ্রহণযোগ্য: ইফা মহাপরিচালক
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী বলেছেন, “কওমি মহিলা মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, চরিত্র গঠন এবং নারী শিক্ষার বিকাশে অনবদ্য অবদান রেখে আসছে। এখানকার অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই অসত্য তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কিংবা বিভ্রান্তি ছড়িয়ে এই ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার কোনো অপচেষ্টাই গ্রহণযোগ্য হবে না।”
আজ শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ) আয়োজিত ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের আহ্বায়ক ও রাজধানীর গোলাপবাগ মহিলা মাদরাসার মুহতামিম মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ, সত্যনিষ্ঠ তথ্য উপস্থাপন এবং কওমি মহিলা মাদরাসা সম্পর্কে যেকোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ থেকে এই দ্বীনি শিক্ষাব্যবস্থার মর্যাদা রক্ষায় কাজ করার তাগিদ দেন।
সংগঠনের সদস্যসচিব মুফতি বশীরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষাবিদদের মধ্যে আরও বক্তব্য দেন মাওলানা ড. ওলীউর রহমান, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা আনওয়ারুল হক, মুফতি আবুল হাসান শামসাবাদী, মুফতি উবায়দুল কাদির নদভী, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আজিজুল হক, মুফতি শাহাদাত হোসাইন, মুফতি আব্দুস সাত্তার, মুফতি উসমান আশরাফী, মুফতি জোবায়ের আহমদ, মুফতি বেলায়েত হোসাইন ফিরোজী, মাওলানা নূরুল হক ও মাওলানা হোসাইন আহমদ প্রমুখ। বক্তারা নারী শিক্ষার প্রসারে কওমি মাদরাসার আধুনিক ও দ্বীনি সমন্বয়কে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা
|