পশুবাহী ট্রাকে জোরজবরদস্তি রুখতে পশুর হাটে কঠোর হচ্ছে ডিএমপি
অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের বাইরে বা সড়কে পশুবাহী কোনো যানবাহন নিয়ে টানাটানি কিংবা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও চামড়াবাহী যানবাহনের নিরাপত্তাসহ সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং নগরবাসীকে যানজটমুক্ত রাস্তা উপহার দিতে ইজারাদারদের নির্ধারিত সীমানার বাইরে কোনোভাবেই পশু রাখা যাবে না। ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে প্রতিটি পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণের আধুনিক মেশিন স্থাপন করা হবে। একই সাথে ঈদের এই সময়টাতে ঢাকার সড়কে যেকোনো ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদুল আজহার সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও ট্রাফিক গাইডলাইন উপস্থাপন করেন। সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার অনুরোধ জানিয়ে ডিএমপি প্রধান বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মাঠে তৎপর থাকবে। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকার দুই সিটি করপোরেশন এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাদার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
|