ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৩৮৬ মামলা ডিএমপির

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ণ
ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৩৮৬ মামলা ডিএমপির

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার সড়কগুলোতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারীদের নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিচালিত দিনব্যাপী অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে ১,৩৮৬টি মামলা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দিনভর ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এলাকাভিত্তিক অভিযানে ট্রাফিক-মতিঝিল বিভাগে সর্বোচ্চ ২৯৯টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে ছিল ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেল। এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ২৫১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮০টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭৪টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৬টি মামলা হয়।

অন্যদিকে, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ৯৪টি এবং ট্রাফিক-রমনা বিভাগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করা ও সঠিক কাগজপত্র না থাকায় মোট ৩৯৪টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। একই সাথে অবৈধ পার্কিং ও সড়ক অবরোধকারী ৩১৪টি গাড়ি রেকারিং করা হয়।

ঢাকা মহানগর এলাকায় সড়কের স্বাভাবিক গাড়ি চলাচল বজায় রাখতে এবং ট্রাফিক আইন মেনে চলতে নগরবাসীকে অভ্যস্ত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য করুন