ওষুধ গবেষণায় নিজস্ব জীববিজ্ঞান ল্যাব স্থাপন করল অ্যানথ্রোপিক

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ
ওষুধ গবেষণায় নিজস্ব জীববিজ্ঞান ল্যাব স্থাপন করল অ্যানথ্রোপিক

অনলাইন ডেস্ক: ওষুধবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নতুন উচ্চতায় নিয়ে যেতে এবার সরাসরি জীববিজ্ঞান গবেষণাগার (ওয়েট ল্যাব) স্থাপন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও উন্নয়ন কোম্পানি ‘অ্যানথ্রোপিক’।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অ্যানথ্রোপিকের লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান এরিক কডেরার আব্রামস। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় স্থাপিত এই ‘ওয়েট ল্যাব’-এ এখন থেকে বাস্তব পরীক্ষামূলক গবেষণাগারের কাজ সম্পন্ন করা যাবে।

অ্যানথ্রোপিক জানিয়েছে, বিরল ও অবহেলিত রোগগুলোর আধুনিক চিকিৎসা উদ্ভাবনের পথ সহজ করতেই এই উদ্যোগ। জীববিজ্ঞান ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কাজ এখন আর কেবল ‘ইন সিলিকো’ বা কম্পিউটারনির্ভর ভার্চুয়াল মূল্যায়নে সীমাবদ্ধ থাকছে না।

অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের ব্যক্তিগত অনুপ্রেরণাও জড়িয়ে রয়েছে এই উদ্যোগের পেছনে। সম্প্রতি এক নিবন্ধে তিনি উল্লেখ করেন, যে রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা যান, তার মাত্র কয়েক বছর পরই চিকিৎসাবিজ্ঞান সেটির ওষুধ আবিষ্কার করতে পেরেছিল। এ অভিজ্ঞতা তাঁকে স্বাস্থ্যসেবায় এআই-এর ভূমিকা বাড়াতে উদ্বুদ্ধ করেছে।

লাইফ সায়েন্সেস প্রধান এরিক কডেরার আব্রামস জানান, "জীববিজ্ঞানের চূড়ান্ত সাফল্য শেষ পর্যন্ত বাস্তব ল্যাব টেস্টের ওপরই নির্ভর করে। বিশ্বের উপকারে আসে এমনভাবে শক্তিশালী এআই প্রযুক্তি ব্যবহার করাই আমাদের মূল লক্ষ্য, আর জীববিজ্ঞানেই আমরা এর সবচেয়ে বড় সুযোগ দেখতে পাচ্ছি।"

তবে কোম্পানিটির এক মুখপাত্র জানিয়েছেন, এই গবেষণাগারটি শুধুই ওষুধ আবিষ্কারের কাজে ব্যবহৃত হবে না, এর বাইরেও বিজ্ঞানের অন্যান্য শাখায় বিস্তৃত থাকবে এর কার্যক্রম।

মন্তব্য করুন