নভেম্বরে বিয়ের পিঁড়িতে অনিরুদ্ধ-কাব্য, গুঞ্জন নাকি সত্যি
শোবিজ ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় ও সফল সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের শীর্ষ নির্বাহী কর্মকর্তা কাব্য মারানের বিয়ের জল্পনা-কল্পনা নতুন করে পুরো বিনোদন ও ক্রীড়াজগতে তোলপাড় সৃষ্টি করেছে।
বিনোদনবিষয়ক আন্তর্জাতিক ডটকম ও পোর্টাল ‘লেটস সিনেমা’-র সাম্প্রতিক এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১০ নভেম্বর ইউরোপের নৈসর্গিক দেশ গ্রিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুই প্রভাবশালী তারকার জমকালো ও বর্ণাঢ্য বিয়ে। যদি এই প্রতিবেদনটি সত্যি প্রমাণিত হয়, তবে এটিই হতে যাচ্ছে ২০২৬ সালের অন্যতম আলোচিত ও মেগা সেলিব্রিটি ওয়েডিং। তবে এখন পর্যন্ত বিয়ে বা প্রেমের খবরের বিষয়ে অনিরুদ্ধ বা কাব্য মারানের কারোর পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ইতিবাচক বা নেতিবাচক বিবৃতি মেলেনি।
সাম্প্রতিক এই খবরের পেছনে মূল উৎস হিসেবে কাজ করছে বর্ষীয়ান অভিনেতা ও সংগীতশিল্পী ওয়াই জি মহেন্দ্রনের একটি মন্তব্য। সম্পর্কে তিনি অনিরুদ্ধের মামা। সম্প্রতি কেপিটিভি-তে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন, অনিরুদ্ধ খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। মামা মহেন্দ্রন পাত্রীর নাম সরাসরি না বললেও তাঁর বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও অনুরাগীদের মাঝে অনিরুদ্ধের সাথে কাব্য মারানের নামটি আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অনলাইন সাক্ষাৎকারে মামা মহেন্দ্রন মন্তব্য করেছিলেন, অনিরুদ্ধ অত্যন্ত কোমল স্বভাবের একজন মানুষ। তাঁকে কেউ আগে থামিয়ে রাখেনি, হয়তো সময়ের অপেক্ষা ছিল। বিয়ের ব্যাপারে শুভকামনা জানিয়ে তিনি দাবি করেন, অনিরুদ্ধ অত্যন্ত বড় এবং প্রভাবশালী এক পরিবারের দিকে এগোচ্ছেন এবং যা জেনেছেন তা বাস্তব সত্য।
তবে অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারানকে ঘিরে প্রেমের গুঞ্জন এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালেও এক বছর ধরে সম্পর্কে থাকার তথ্য ছড়িয়ে পড়েছিল 'রেডিট'-এর একটি ভাইরাল পোস্টের মাধ্যমে। কিন্তু সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অনিরুদ্ধ একটি বার্তা দিয়ে সেটিকে নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন এবং সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন।
সংগীতজগতে অনিরুদ্ধ রবিচন্দর এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ও চাহিদাসম্পন্ন সুরকার, যাঁর ঝুলিতে রয়েছে ‘লিও’, ‘ইন্ডিয়ান ২’, ‘ভেটাইয়ান’, ‘ভিডামুয়ার্চি’ ও ‘কুলি’-র মতো বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমার সুপারহিট মিউজিক। অপরদিকে কাব্য মারান ভারতীয় শীর্ষ বিনোদনমাধ্যম ‘সান গ্রুপ’-এর প্রধান কালানিথি মারানের কন্যা এবং ‘সান টিভি নেটওয়ার্ক’-এর পরিচালনা ও আইপিএলের দল ‘সানরাইজার্স হায়দরাবাদ’-এর সর্বেসর্বা হিসেবে দায়িত্ব পালন করছেন।
|