চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা
আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ উঁচু ১০৯ তলা ভবন ‘সিটিক টাওয়ারে’ একটি হালকা বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটিতে থাকা কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই দ্রুত ওই বহুতল ভবনটি থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিমানে কতজন আরোহী ছিলেন, সেটি কোথা থেকে আসছিল এবং ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তাও এখনো স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিমানটি ৫২৮ মিটার উঁচু সিটিক টাওয়ারের ওপরের দিকের একটি তলায় আঘাত হানে। এর ফলে ভবনের ও বিমানের ধ্বংসাবশেষের বড় বড় টুকরো নিচের রাস্তা ও সবুজ চত্বরে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, সন্ধ্যা ৬টার দিকে চরম আতঙ্কের মধ্যে কোনো মালামাল বা পরিচয়পত্র নেওয়ার সুযোগ ছাড়াই তারা ভবন থেকে দৌড়ে নিচে নেমে আসেন।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবির সূত্র ধরে ফ্লাইট-সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘ফ্লাইটরাডার২৪’ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির নিবন্ধন নম্বর ছিল বি-১২পিপি। এটি চীনের স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানির তৈরি ‘সানওয়ার্ড এসএ৬০এল অরোরা’ মডেলের একটি দুই আসনের বিমান। ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি ব্যক্তিগত পাইলট প্রশিক্ষণ ও আকাশপথে পর্যটনসেবা প্রদানকারী কোম্পানি বিমানটি পরিচালনা করছিল।
দুর্ঘটনার পর বেইজিং পুলিশ ঘটনাস্থলের চারপাশের রাস্তাগুলো ঘিরে রেখেছে এবং বিপুলসংখ্যক পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে অবস্থান করছে। উল্লেখ্য, ২০১৮ সালে নির্মিত এই সিটিক টাওয়ারটি চীনের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ‘চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশনের’ সদর দপ্তর এবং এটি বেইজিংয়ের সর্বোচ্চ স্থাপনা।
|