প্লাটিলেট বাড়াবে যেসব খাবার
অনলাইন ডেস্ক: বর্তমানে দেশজুড়ে ডেঙ্গু হেমোরেজিক ফিভারের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ার পাশাপাশি অনেক রোগীর রক্তে প্লাটিলেটের (Platelet) সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। একই সঙ্গে সারা শরীরে তীব্র ব্যথা ও জটিল অবস্থায় অভ্যন্তরীণ রক্তপাতের ঝুঁকি তৈরি হয়। যা নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ কাজ করে।
চিকিৎসকদের মতে, ডেঙ্গু দেখা দিলে তাত্ক্ষণিক ডাক্তারি পরামর্শ, প্রচুর পরিমাণে তরল খাবার গ্রহণ এবং নিয়মিত সিবিসি (CBC) পরীক্ষার মাধ্যমে রক্তে প্লাটিলেটের মাত্রার ওপর নজর রাখা জরুরি। চিকিৎসাসেবার পাশাপাশি কয়েকটি বিশেষ খাবার প্লাটিলেটের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্লাটিলেট বাড়াতে সহায়ক ৫টি বিশেষ খাবার
পাকা পেঁপে: পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। ডেঙ্গু রোগীদের পেটের হজমক্ষমতা কমে যায়, তাই সহজে হজমযোগ্য এই ফলটি শরীরের পুষ্টি জোগাতে বেশ কার্যকর।
ব্রোকলি: ব্রোকলিতে পাওয়া যায় বিপুল পরিমাণ ভিটামিন ‘কে’, যা রক্ত জমাট বাঁধতে ও প্লাটিলেট স্বাভাবিক রাখতে সহায়তা করে। এ ছাড়া এতে থাকা নানাবিধ অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল শরীরের কার্যক্ষমতা বাড়ায়।
বেদানা বা আনার: বেদানায় প্রয়োজনীয় খনিজের পাশাপাশি পর্যাপ্ত আয়রন রয়েছে, যা রক্তের হিমোগ্লোবিন ও প্লাটিলেট উৎপাদনে সহায়তা করে। এটি শারীরিক দুর্বলতা ও ক্লান্তি কাটিয়ে উঠতে দারুণ ভূমিকা রাখে।
পালং শাক: আয়রন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাক শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেটের পরিমাণ বাড়ায়।
ডাবের পানি: ডেঙ্গু চিকিৎসায় শরীরকে আর্দ্র রাখা (Hydrated) অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট শরীরে তরল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে এবং দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে।