সাকিবের ২৫৬ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক
বিশেষ প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাকিবসহ অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি জানান, শেয়ারবাজার কারসাজির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আসামিদের বিরুদ্ধে আদালতে বিচারিক প্রক্রিয়া শুরু হবে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন— সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।
দুদক সূত্রে জানা গেছে, বিগত সরকারের সংসদ সদস্য থাকাকালে সাকিব আল হাসানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজধানীর আদাবর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি। সরকারের পতনের পর থেকে তিনি বিদেশে অবস্থান করছেন।
এ ছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইতিমধ্যে তাঁর ব্যাংক হিসাব স্থগিত করেছে। অনলাইন জুয়ার প্রচার, স্বর্ণ চোরাচালান, ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ এবং নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন সংক্রান্ত আরও কয়েকটি অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুদক।
এআইএল/সকালবেলা
|