বাবার কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ
বাবার কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা রহমান
বনানী সামরিক কবরস্থানে রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন কন্যা ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর কন্যা ও মরহুমের নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

পরিবারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও আলোচনা সভাসহ দেশ ও বিদেশে বিভিন্ন স্মরণসভার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিস্থ তাঁর নিজস্ব বাসভবন ‘মাহবুব ভবনে’ এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দপ্তর দক্ষতার সাথে পরিচালনা করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি ইন্তেকাল করেন।

ব্যক্তিজীবনে তিনি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর। তাঁর সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবিকা সৈয়দা ইকবাল মান্দ বানু। তাঁদের দুই কন্যা শাহীনা খান জামান (বিন্দু) ও ডা. জুবাইদা রহমান।

মন্তব্য করুন