পরকীয়ার অভিযোগে চুনারুঘাটে জামায়াত নেতা বরখাস্ত

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ণ
পরকীয়ার অভিযোগে চুনারুঘাটে জামায়াত নেতা বরখাস্ত

বিশেষ প্রতিনিধি: অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুনির্দিষ্ট অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাতে পার্শ্ববর্তী গজারিপাড় এলাকায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক অবস্থায় স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হন নুরুল ইসলাম সজল। ঘটনাটি ছড়িয়ে পড়লে চুনারুঘাট উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতারা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে সজলকে সভাপতির পদসহ যাবতীয় দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী জানান, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল রাখতে সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন