দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে হাচিনার মানবেতর জীবনযাপন

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
দুই প্রতিবন্ধী সন্তান নিয়ে হাচিনার মানবেতর জীবনযাপন

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ গ্রামে দুই শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিয়ে চরম অর্থাভাব ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অসহায় মোছাঃ হাচিনা বেগম।

চার বছর আগে স্বামী মশিয়ার রহমানকে হারানোর পর থেকে জরাজীর্ণ একটি কুঁড়েঘরে তিন সন্তানকে নিয়ে সীমাহীন কষ্টেও লড়াই করছেন তিনি। অন্য ঘরে কাজ করে যেটুকু আয় হয়, তা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাঁর ১০ বছর বয়সী ছেলে হাইউল ইসলাম ও ৫ বছর বয়সী মেয়ে লিমা আক্তার জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তারা একা চলাফেরা করতে পারে না; সার্বক্ষণিক পরিচর্যা প্রয়োজন হয়। ফলে উপার্জনে যাওয়াও তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, অভাবের তাড়নায় বড় সন্তানের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সন্তানদের খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে হাচিনা বেগম সরকার, জনপ্রতিনিধি ও বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা ও সচেতন মহল পরিবারটিকে খাদ্য, প্রতিবন্ধী ভাতা, নিয়মিত চিকিৎসা এবং বড় সন্তানের শিক্ষা সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও দানশীল ব্যক্তিদের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন