জগন্নাথপুরে সড়কের কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে মাটির কাজ না করেই সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বাগময়না গ্রামের দুটি রাস্তার মাটি ভরাটের জন্য মোট ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম প্রকল্পটি রাসেল মিয়ার বাড়ি থেকে স্বজনশ্রী রাস্তার মাথা পর্যন্ত ৪ লাখ টাকা এবং দ্বিতীয়টি ছালুয়া নদীর পাওয়ার পাম্প থেকে রাসেল মিয়ার বাড়ি পর্যন্ত ৪ লাখ টাকা। স্থানীয়দের দাবি, কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও প্রকল্প দুটির সম্পূর্ণ টাকা উত্তোলন করে নেওয়া হয়েছে।
দুর্ভোগ নিরসনে ও অনিয়মের বিহিত চেয়ে গত ২৬ জুলাই বাগময়না গ্রামের সমাজসেবক জাকির হোসেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ভাঙাচোরা রাস্তার কারণে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য তেরা মিয়া তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|