সৈয়দপুরে দুই কোটি টাকার বালাইনাশক উধাও
মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর সিলগালা করা গুদামঘর থেকে জব্দকৃত প্রায় দুই কোটি টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ বালাইনাশক উধাও হয়ে গেছে। খবর প্রকাশের নয়দিন অতিবাহিত হলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি।
গত ২৯ জুলাই চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তিনজন বিচারক জব্দকৃত বালাইনাশক ধ্বংস করতে এসে চুরির ঘটনা জানতে পারেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৬ জুন সৈয়দপুর বিসিকের একটি গুদাম থেকে এসিআই কোম্পানির পরিবেশক মনোয়ার হোসেনের মজুদ করা ৯৯ হাজার কেজি অবৈধ কীটনাশক ‘ব্রিফার জি-৫ কার্বোফুরান’ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের উপস্থিতিতে গুদামটি সিলগালা করে হেফাজতের দায়িত্ব দেওয়া হয় বিসিক কর্মকর্তা মশিউর রহমানকে। তৎকালীন কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করলে ব্যবসায়ী মনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নির্দেশে মালামাল ধ্বংস করতে গিয়ে জানা যায়, গুদামের তালা ও সিলগালা অক্ষত থাকলেও ভেতরের সমস্ত বালাইনাশক উধাও। পুলিশ ধারণা করছে, টিনের চালা কেটে মালামাল সরে ফেলা হয়েছে।
দায়িত্বে থাকা বিসিক কর্মকর্তা মশিউর রহমান জানান, নিরাপত্তা প্রহরী না থাকায় পাহারা দেওয়া সম্ভব হয়নি এবং মামলা করার এখতিয়ার তাঁর নেই। অন্যদিকে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম জানান, জিম্মাদার বিসিক কর্মকর্তা এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।
এআইএল/সকালবেলা
|