তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে তিন সন্তান রেখে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে দুদিন ধরে অনশন করছেন মাহমুদা আক্তার নামের এক গৃহবধূ। তিনি রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর কলাউড়া গ্রামের ফয়েজ মিয়ার (ওরফে খয়েজ) সঙ্গে মাহমুদার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি স্বামী টের পাওয়ার পর পারিবারিক কলহ সৃষ্টি হলে মঙ্গলবার রাতে মাহমুদা সন্তান ও সংসার ছেড়ে ফয়েজের বাড়িতে গিয়ে ওঠেন এবং বিয়ের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বামী সোহেল মিয়া জানান, পরকীয়ার কারণেই পরিবারে অশান্তি দেখা দিয়েছিল। অন্যদিকে গৃহবধূ মাহমুদা আক্তার প্রথমে অস্বীকার করলেও পরে সম্পর্কের কথা স্বীকার করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়েজ মিয়ার মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন।
এআইএল/সকালবেলা
|