তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
যান্ত্রিক ত্রুটির সমাধান হওয়ায় বহুল প্রতীক্ষিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালু হচ্ছে। ফলে আজ বৃহস্পতিবার বিকেল থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের সার্বিক গ্যাস সংকট ও তৎসংশ্লিষ্ট বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী এসব কথা জানান।
গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট সময়সীমা নিয়ে মন্ত্রী বলেন, "আজ বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। এর ফলে সঞ্চালন লাইনে গ্যাসের চাপ বা প্রেশার কম থাকার যে বড় সমস্যা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে কেটে যাবে। তবে পুরো সিস্টেম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।"
গ্যাস সংকটের কারণে দেশজুড়ে দেখা দেওয়া চরম লোডশেডিং ও বিদ্যুৎ স্টেশন বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, "গ্যাস সরবরাহ বন্ধ থাকলে পাওয়ার স্টেশনগুলো চালানো সম্ভব হয় না। এখন এফএসআরইউ চালুর মাধ্যমে গ্যাস মিললেই বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলো আবার চালু করা হবে। এতে বিদ্যুৎ পরিস্থিতিরও দ্রুত উন্নতি ঘটবে।"
বিদ্যুতের ভূতুড়ে বিল ও অতিরিক্ত চার্জের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, "অনেকে ফেসবুকে বা বাইরে ভূতুড়ে বিলের অভিযোগ তুলছেন, কিন্তু সুনির্দিষ্ট বিলের কপি নিয়ে আমাদের কাছে কেউ প্রমাণ জমা দেন না। জুনে বিদ্যুতের দাম কিছুটা বাড়ানো হয়েছিল এবং সেই সময়ে অতিরিক্ত এসি, ফ্রিজ ও ইলেকট্রনিক্স ব্যবহারের কারণেই অনেকের বিল বেশি এসেছে। পরীক্ষা করে দেখা গেছে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের তুলনায় বর্তমান বিলের হার যুক্তিসঙ্গত।"
এদিকে, ভারতের হাইকমিশনারের সাথে আয়োজিত সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, "প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের জ্বালানি খাতের অনেক স্বার্থ জড়িত। এটি একটি রুটিন বৈঠক ছিল। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসার যে সংযোগ রয়েছে, সেটিকে আরও কার্যকর করে অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য তাদের অনুরোধ করা হয়েছে।"
বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক নানান রাজনৈতিক তৎপরতা ও সংবাদ সম্মেলন প্রসঙ্গে জানতে চাওয়া হলে জ্বালানি মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি উনাকে নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। উনি তো কত কিছুই করছেন, কিন্তু আদতে উনি পুরো দেশটাকে ধ্বংস ও শেষ করে দিয়ে গেছেন।
|