রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ণ
রামিসা হত্যার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকার সন্তান কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আদালতকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সমসাময়িক বিষয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "পূর্বে রামিসা হত্যার বিচারে যেভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেভাবেই অপ্রতিম হত্যার বিচার কাজও আমরা দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেব। মূল বিচার সম্পন্ন করবেন বিজ্ঞ আদালত, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রমাণ সরবরাহে শতভাগ সহযোগিতা অব্যাহত রাখব।"

হত্যাকাণ্ডের তদন্ত ও আলামত উদ্ধারের হালনাগাদ তথ্য দিয়ে মন্ত্রী আরও বলেন, "হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

উল্লেখ্য, গত শুক্রবার মায়ের ব্যবহৃত একটি আইফোন নিয়ে বন্ধুদের সাথে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। তবে এর পর আর সে বাড়ি ফেরেনি। নিখোঁজের একদিন পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে জড়িত সন্দেহে তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রথম জানাজা এবং কোটবাড়ির স্থানীয় বাগমারা/গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। অকালে ঝরে যাওয়া এই কিশোরের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার ও এলাকাটি।

মন্তব্য করুন