ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

অনলাইন ডেস্ক: আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত 'কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া' (সিকা)-এর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় সম্মেলন কক্ষ থেকে তাৎক্ষণিক ওয়াকআউট করেছে বাংলাদেশের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর প্রতিবাদী পদক্ষেপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীর্ষ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্ট বক্তব্য শুরু করার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে থাকা প্রতিনিধি দল প্রতিবাদ জানিয়ে হল রুম ছেড়ে বেরিয়ে যায়।

বাকুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও প্রতিনিধি দলের সূত্রে জানা গেছে, ইসরাইলের বিতর্কিত অবস্থান ও অন্যায্য নীতির প্রতিবাদে বাংলাদেশের এই ওয়াকআউটের সাথে সংহতি জানিয়ে অন্য কয়েকটি দেশের প্রতিনিধি দলও একযোগে সম্মেলন কক্ষ ত্যাগ করে বক্তব্য বয়কট করে।

উল্লেখ্য, এশীয় অঞ্চলে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করার লক্ষ্য নিয়ে এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে আজারবাইজানের বাকুতে সিকার এই সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এআইএল/সকালবেলা