ডোমারে এলাকাবাসীর অর্থায়নে সড়ক সংস্কার

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
ডোমারে এলাকাবাসীর অর্থায়নে সড়ক সংস্কার

মোঃ মকবুলার রহমান (ডোমার-নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে দীর্ঘদিনের সড়ক দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে ব্যক্তিগত আর্থিক সহযোগিতা ও গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে।

মোঃ রাশেদুজ্জামান মিন্টুর অর্থায়নে এবং এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সড়কটির সংস্কারকাজের শুভ সূচনা করা হয়।

সড়কটি প্রয়াত বজলার রহমান বজু মেম্বারের কবরস্থানসংলগ্ন পাকা রাস্তা থেকে শুরু হয়ে আব্দুল মালেকের বাড়ি ও মোঃ মকবুলার রহমানের বাড়ি সীমান্ত পাড়ার যাদুর বাঁধ হয়ে দাসপাড়া পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি দিয়ে চলাচলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এ নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলেও সরকারি পদক্ষেপ না পাওয়ায় শেষ পর্যন্ত এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মিজান, মোঃ রবিউল ইসলাম শাহ ও মোঃ শাহিনুর রহমান শাহীন সন্তোষ প্রকাশ করে জানান, রাস্তাটির সংস্কার শেষ হলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি ফিরবে।

আর্থিক সহযোগিতাকারী মোঃ রাশেদুজ্জামান মিন্টু জানান, যাদুর বাঁধ এলাকা থেকে কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো সড়ক সংস্কার করা হবে। স্থানীয়দের এই সামাজিক উদ্যোগ গ্রামীণ জনপদের আত্মনির্ভরশীলতার এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

এআইএল/সকালবেলা