রাণীনগরে লুটপাটের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ
রাণীনগরে লুটপাটের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ধর্ষণচেষ্টা ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত পাল্টা মামলাকে মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের আহ্বানে মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পারইল বাজার এলাকায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

পারইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার আহম্মদের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বুলেট, পারইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও প্রশান্ত কুমার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গত ৭ সেপ্টেম্বর পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোমলমতি শিক্ষার্থী স্থানীয় মোজাম্মেল হক মোজার দোকানে জিনিস কিনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত মোজাম্মেলকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা দায়ের করে। তবে ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ও মূল অপরাধীকে বাঁচাতে মোজাম্মেল হকের ছেলে ইউনুস আলী গত ১৬ সেপ্টেম্বর শিশুর বাবাকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে দোকানে হামলা ও লুটপাটের মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত বৃদ্ধ মোজাম্মেলের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

অন্যদিকে, পাল্টা মামলার বাদী ইউনুস আলী সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ব্যবসায়িক ৯০০০০ টাকা দেনাপাওনাকে কেন্দ্র করে তাঁর বৃদ্ধ বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তাঁদের দোকানে হামলা চালাইয়া লুটপাট চালানো হয়েছে।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডলে জানান, আদালতে দায়েরকৃত মামলার নথি এখনো থানায় পৌঁছায়নি। নথি হাতে পেলে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা