ঢাক-শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, কাল থেকে শুরু মহাষষ্ঠী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ
ঢাক-শঙ্খ-উলুধ্বনিতে মুখর মণ্ডপ, কাল থেকে শুরু  মহাষষ্ঠী

নিজস্ব প্রতিবেদক: ঢাকের মিষ্টি শব্দ, শঙ্খধ্বনি আর ভক্তদের উলুধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলার প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দেবীপক্ষের আবাহন শেষে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং আনন্দময় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গোৎসব’।

গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে ধরাধামে মায়ের আগমনী বার্তা বেজে উঠেছিল এবং শুভ সূচনা হয়েছিল দেবীপক্ষের। এরপর থেকেই অধীর আগ্রহে দুর্গতিনাশিনী দেবী দুর্গার বন্দনা ও আগমনের অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তকূল।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই সামাজিক ও ধর্মীয় পার্বণকে ঘিরে প্রতি বছরের মতো এবারও মন্দির এবং স্থায়ী-অস্থায়ী পূজামণ্ডপগুলোতে নেওয়া হয়েছে বর্ণিল সব আয়োজন। মৃৎশিল্পীদের নিপুণ হাতে প্রতিমা গড়ার কাজ আগেই শেষ হয়েছে; এখন চলছে মণ্ডপ প্যান্ডেল সাজানো, চোখধাঁধানো লাইটিং বা আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম স্থাপন এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচলের জন্য সুনির্দিষ্ট পথ তৈরির কাজ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব মণ্ডপেই প্রধান মূল কাঠামোর কাজ শেষ। শেষ মুহূর্তে কোথাও চলছে রঙের ছোঁয়া আবার কোথাও মণ্ডপের তোরণ সাজানোর চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন। পূজাকে কেন্দ্র করে পোশাক ও কেনাকাটার বাজারগুলোতেও এখন উপচে পড়া ভিড়।

আগামীকাল সকালে ষষ্ঠীপূজার মাধ্যমে কালারম্ভ, চণ্ডীপাঠ ও আমন্ত্রণের মধ্য দিয়ে আবহমান বাংলার সার্বজনীন এই শারদীয় উৎসব পূর্ণ রূপ পাবে, যা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।