ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া): কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেলা সোয়া ২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর তেতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই রূপম কুমার সরকার ও এএসআই কামরুজ্জামান সোহাগসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
অভিযানের একপর্যায়ে হরিমঙ্গল থেকে বাগড়া বাজারগামী সড়কের পাশে স্থানীয় সালাম মিয়ার বাড়ির উত্তর পাশের জঙ্গল থেকে লাওয়ারিশ অবস্থায় একটি কালো ব্যাগ তল্লাশি করে সাড়ে ৭ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকালে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশের এ মাদকবিরোধী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। মাদকের বিস্তার রোধে স্থানীয়দের তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন জানান, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে তথ্যের মাধ্যমে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।"
এআইএল/সকালবেলা