বাংলাদেশের মত ভারতেও অরাজকতা করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হচ্ছে: রাজনাথ সিং

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশের মত ভারতেও অরাজকতা করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হচ্ছে: রাজনাথ সিং

সকালবেলা নিউজ: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি অভিযোগ করেছেন, বিরোধীরা বাংলাদেশে ঘটে যাওয়া পটপরিবর্তনের আদলে ভারতেও অরাজকতা সৃষ্টি করে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 

শুক্রবার (১৬ অক্টোবর) লখনৌয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব মন্তব্য করেন রাজনাথ সিং। 

ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধীদের আন্দোলন প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "দেশের তরুণদের রাজনৈতিক উদ্দেশ্যে দাবার গুঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ প্রকাশ্যে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার কথা বলে সরকার ফেলে দেওয়ার ডাক দিচ্ছেন। এতেই পরিষ্কার যে, ওদের আসল উদ্দেশ্য কোনো নির্বাচন সংস্কার কিংবা তরুণদের ভবিষ্যৎ গঠন নয়; বরং দেশে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতা দখল করা।"

ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে রাজনাথ সিং বলেন, "কংগ্রেস ও তাদের সহযোগীরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর ভিত্তিহীন অভিযোগ তুলে জনগণের আস্থা নষ্ট করার পাঁয়তারা করছে। বিজেপি সবসময় সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সম্মান দিয়ে এসেছে।" 

এদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও তরুণ প্রজন্মের 'জেন জি' আন্দোলনের মুখ হিসেবে পরিচিত নেহা বোরা আন্দোলন বাস্তবায়নে বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা স্বীকার করলে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। একই অনুষ্ঠানে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণও প্রকাশ্যে কেন্দ্র সরকারের পরিবর্তনের দাবি তোলেন। বিপরীতে, এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র ও 'ডিপ স্টেটের' চক্রান্ত বলে দাবি করছে ক্ষমতাসীন দল বিজেপি।

সূত্র: দ্য হিন্দু

এআইএল/সকালবেলা