এমপির আদেশে খালে মৃত মুরগি ফেলা পোল্ট্রি ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
এমপির আদেশে খালে মৃত মুরগি ফেলা পোল্ট্রি ব্যবসায়ীকে জরিমানা

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক): গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চৌক্কার খালে ফেলছিল মৃত মুরগি। বিষয়টি সংসদ সদস্যের নজরে এলে তাৎক্ষণিক নির্দেশে ওই পোল্ট্রি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে মাস্টারবাড়ী সংলগ্ন চৌক্কার খালে কয়েকজন ব্যক্তিকে প্রকাশ্যে বস্তাভর্তি মৃত মুরগি ফেলতে দেখেন তিনি। পরিবেশ বিনষ্টকারী এমন কর্মকাণ্ড দেখে তিনি তাৎক্ষণিকভাবে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে বিষয়টি অবহিত করেন।

সাংশদের নির্দেশনা ও খবর পেয়ে মাওনা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িত পোল্ট্রি ব্যবসায়ীকে আটক করে এবং ভ্রাম্যমাণ উপস্থিতিতে তাকে ২ হাজার টাকা জরিমানা করে।

মহাসড়কের পার্শ্ববর্তী খাল কিংবা জলাশয়ে বর্জ্য ও মৃত মুরগি ফেলার ফলে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হয়। এ ধরনের ক্ষতিকর বর্জ্য যত্রতত্র না ফেলে পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় নির্দিষ্ট নিয়মে অপসারণের জোরালো তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এআইএল/সকালবেলা