বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় প্রধান: বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে কাতারি বিনিয়োগ উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে কাতার আমিরের উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রীর একটি আনুষ্ঠানিক ও বিশেষ চিঠি হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপের তথ্যটি জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহাসিক ‘বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’ (টিএসি)-র ৫০তম বার্ষিকী উদযাপনের বিশেষ অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সংগে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
উচ্চপর্যায়ের ওই বৈঠকে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ কাতারের মধ্যকার বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্যিক আদান-প্রদান, কৌশলগত বিনিয়োগ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের সার্বিক দিক নিয়ে বিশদ আলোচনা হয়। উভয় দেশের প্রতিনিধিরা তাঁদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতামত বিনিময় করেন।
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠিটি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উক্ত চিঠিতে বাংলাদেশে চলমান বাণিজ্যবান্ধব অবকাঠামোগত সংস্কারের চিত্র তুলে ধরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সম্ভাবনাময় প্রধান খাতগুলোতে কাতারি উদ্যোক্তাদের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি ও বাণিজ্যিক সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
|