আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত রাসেল পৌর শহরের তারাগন এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, আটক সৈয়দ যুবরাজ শাহ রাসেল আখাউড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় সন্দেহভাজন আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১২ নভেম্বর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল বাদী হয়ে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে বিস্ফোরক উপাদান আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ১৩৭ জনকে নামীয় আসামি করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ওই মামলারই তদন্তাধীন ও সন্দেহভাজন আসামি।
|