রাঙামাটিতে নেশার টাকা নিয়ে কলহ, মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ণ
রাঙামাটিতে নেশার টাকা নিয়ে কলহ, মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু
রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে কোতোয়ালি থানা পুলিশ (ফাইল ছবি)।

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি: রাঙামাটি শহরের আসামবস্তি মির্জা টিলা এলাকায় নেশার টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে আসামবস্তি এলাকার নিজ বাড়িতে এই চাঞ্চল্যকর ও নির্মম ঘটনাটি ঘটে। নিহত সাকিবুল ইসলামের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম বেশ কিছুদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। আজ বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে টাকা নিয়ে তীব্র বিবাদে জড়িয়ে পড়েন তিনি। বাকবিতণ্ডার একপর্যায়ে মা রেখা ইসলাম মারাত্মক ক্ষুব্ধ হয়ে ঘর থেকে দা এনে ছেলেকে কোপ দেন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রক্তাত ও গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, রাঙামাটি শহরের মির্জার টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই আইনি পদক্ষেপের অংশ হিসেবে নিহতের মা রেখা ইসলাম ও বাবা রফিকুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন