মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহী মহানগরবাসীর নিরাপত্তা জোরদার, অপরাধ দমন, ডিজিটাল ট্রাফিক পর্যবেক্ষণ এবং একটি পূর্ণাঙ্গ 'ডিজিটালি সিকিউরড সিটি' গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক সুসংগঠিত অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে উক্ত সিসি ক্যামেরাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ বাস্তবায়ন ও নাগরিকদের সেবা সুনিশ্চিত করতেই আমরা নিরলস কাজ করছি। জনগণের বাস্তব চাহিদাকে প্রাধান্য দিয়েই আমাদের সব পরিকল্পনা। নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এই ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা দেওয়া হলো। নিরাপদ ও শান্তিময় মহানগরী গড়তে পুলিশের সঙ্গে যৌথ কাজ অব্যাহত থাকবে।”
সিসি ক্যামেরা গ্রহণকালে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সন্তোষ প্রকাশ করে বলেন, “নাগরিকদের সুরক্ষা ব্যবস্থার পরিধি বৃদ্ধিতে রাসিকের এই উপহার প্রেভেনটিভ ও ডিটেকটিভ উভয় পুলিশিংয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শহরের গুরুত্বপূর্ণ ১৫৫টি পয়েন্টে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে রাজশাহী নগরীকে অপরাধমুক্ত ও যানজটহীন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ সহযোগিতার জন্য রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
অনুষ্ঠানে রাসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে আরএমপির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাইনুল ইসলাম ও বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোঃ আবুল কালাম সাহিদ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান।
উল্লেখ্য, রাজশাহী নগরীর অতি গুরুত্বপূর্ণ সড়ক, প্রধান মোড় ও অধিক জনসমাগমপূর্ণ স্থানে ক্যামেরাগুলো শিগগিরই স্থাপন করা হবে। আধুনিক এসব ক্যামেরা সচল হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা সম্ভব হবে; যা অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও যে কোনো প্রশাসনিক জরুরি পদক্ষেপে দারুণ গতি আনবে।
|