মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মাদকের অপব্যবহার এবং পাচার রোধে শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয় উল্লেখ করে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং তা পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলে।” তিনি সাম্প্রতিক এক গবেষণার তথ্য উল্লেখ করে বলেন, বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।
মাদক পাচারকারী চক্রের কৌশল পরিবর্তনের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, “মাদক পাচারকারীরা এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও এনক্রিপটেড অ্যাপ ব্যবহার করে তরুণ প্রজন্মকে টার্গেট করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। তবে মনে রাখতে হবে, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। মাদকের চাহিদা কমাতে পারলে উৎপাদন এমনিতেই কমে আসবে।”
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হচ্ছে এবং মাদকাসক্তদের সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসনের মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
জান্নাত সকালবেলা
|