আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগকে চিহ্নিত ‘ফ্যাসিস্ট শক্তি’ আখ্যা দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন যে, এ দেশের সচেতন জনগণ তাদের আর কখনোই রাজনীতি করার সুযোগ বা অধিকার দেবে না।
আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পূর্বে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "পলাতক ফ্যাসিস্ট অপশক্তির কোনো ধরনের প্রত্যাবর্তন এ দেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। তারা দেশকে পুনরায় অস্থিতিশীল করতে একের পর এক অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমাদের তৈরি পোশাকশিল্পে (গার্মেন্টস খাত) যে কৃত্রিম অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে, তার পেছনেও এই পলাতক ফ্যাসিস্ট গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা ও ষড়যন্ত্র রয়েছে। তবে এ দেশের সাধারণ মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ভবিষ্যতে আর রাজনীতিতে ফিরতে দেবে না।"
ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টাকারীদের সতর্ক করে মন্ত্রী আরও বলেন, "অনেকে গোপনে বা প্রকাশ্যে ফ্যাসিস্টদের এই দেশে পুনর্বাসন করতে চায় এবং তাদের প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরি করতে তৎপর রয়েছে। তাদের আসল চেহারাও এ দেশের মানুষের কাছে সুপরিচিত। তাদের সকল ষড়যন্ত্র জনগণ ও বর্তমান সরকার ইনশাআল্লাহ প্রতিহত করবে।"
ইসলামী মূল্যবোধের রাজনৈতিক চর্চা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, "অনেকেই ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করে, কিন্তু বাস্তবে তাদের নীতিতে ইসলামের কোনো আদর্শ থাকে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল বিএনপি আজীবন ইসলাম ও ঈমানের সেবা করে গেছে। আমাদের সরকার সংবিধানে পুনরায় 'বিসমিল্লাহির রহমানির রহিম' ও 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' দৃঢ়ভাবে প্রস্থাপন করছে।"
গণহত্যার বিচার নিশ্চিতকরণের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "শাপলা চত্বরের মর্মান্তিক গণহত্যায় কত নিরপরাধ আলেম-ওলামা ও তৌহিদি জনতা শহীদ হয়েছেন, তার সঠিক হিসাব বা লাশও স্বজনেরা পাননি। কিন্তু সেই বর্বরোচিত শাপলা চত্বর গণহত্যা এবং চব্বিশের ঐতিহাসিক জুলাই গণহত্যার প্রতিটি অপরাধের বিচার এই বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে।"
হেফাজেতে ইসলাম বাংলাদেশের আমির ও বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, সরোয়ার আলমগীর এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় উলামায়ে কেরাম ও প্রবীণ রাজনীতিকবৃন্দ।