ঢাবিতে ডাকসুর বিরুদ্ধে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়কালের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী তিন ছাত্র সংগঠন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌথভাবে এই বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভকালে নেতা-কর্মীরা ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
সংগঠনগুলোর প্রায় ২৫ জন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ ও মিছিল থেকে নেতৃবৃন্দ জানান, ডাকসুর ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখা অত্যন্ত বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত। এ সময় দ্রুত জিন্নাহর ছবি সরিয়ে সেখানে শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবি জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হলে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়।
এআইএল/সকালবেলা