ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কানিহারি-তিরখী সড়কের কালীরবাজার সংলগ্ন বালুর খলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে অটোরিকশাচালক জসিম (৪০) ময়মনসিংহ সদর উপজেলার ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক জসিম মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়।

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন