বিস্ফোরক মামলায় নাসিরনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাশকতার অভিযোগে দায়ের করা বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের স্থানীয় নেতা শিবলী চৌধুরীকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে নাসিরনগর থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা সদরের নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শিবলী চৌধুরী নাসিরনগর উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন নাসিরনগর উপজেলা যুবলীগের দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনের নাম উল্লেখ করে একটি বিস্ফোরক ও নাশকতার মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের অধীনে অভিযোগ আনা হয়, যেখানে শিবলী চৌধুরী অন্যতম এজাহারভুক্ত আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল সিকদার জানান, শিবলী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিজ্ঞ আদালতের দায়েরকৃত ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|