জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ
জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সম্প্রতি কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাশেদ খাঁন বলেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির। বিরোধী দলে থাকা অবস্থায় সাধারণ মানুষের সহানুভূতি পেলেও বর্তমানে প্রধান বিরোধী রাজনৈতিক শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়ে দলটি আওয়ামী লীগের পুরোনো রূপ ধারণ করেছে বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে তারা ক্ষমতায় এলে ভিন্নমতকে বিন্দুমাত্র স্থান দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি উল্লেখ করেন, জামায়াতের রাজনৈতিক চরিত্র সম্পর্কে এখন সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সচেতন হচ্ছেন এবং এর প্রতিবাদে দেশজুড়ে প্রতিরোধ গড়ে উঠছে।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের বক্তব্যের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন আরও বলেন, দেশের সাম্প্রতিক গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচার পতনে গণঅধিকার পরিষদের অবদান ছিল অনন্য। জামায়াত যখন গোপনীয়তার রাজনীতিতে ব্যস্ত ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে থেকে সংগ্রাম চালিয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন