হবিগঞ্জে বৈছা নেতা মাহদীসহ ৩ জন আটক
মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক অন্য দুইজন হলেন—মির্জা সুমন ও রকি।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরুর প্রাক্কালে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রনেতারা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে মিছিলটি শুরু হওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহদী হাসানসহ ৩ জনকে আটক করে।
আটকের সুনির্দিষ্ট কারণ এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এআইএল/সকালবেলা
|