আগামী ৫ বছর আমি কুষ্টিয়ার প্রধানমন্ত্রী: জামায়াত এমপি আমির হামজা

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ
আগামী ৫ বছর আমি কুষ্টিয়ার প্রধানমন্ত্রী: জামায়াত এমপি আমির হামজা

বিশেষ প্রতিনিধি: আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের ক্ষেত্রে তিনি নিজেই 'প্রধানমন্ত্রী' হিসেবে দায়িত্ব পালন করছেন বলে বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তাঁকে এই মন্তব্য করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রক্রিয়া তুলে ধরে আমির হামজা বলেন, "আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। সরকার যে বাজেট দেবে, তা তো আমির হামজার হাতেই দেবে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?"

উন্নয়ন কাজের কৃতিত্ব দাবি করা স্থানীয় নেতাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, "ফেরেশতারা কী বলে? আর মানুষ নাচে যে কাজ নাকি অন্য কেউ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা এনে করবে? এসব পাগলামিতে কান দেওয়া যাবে না।"

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়নমূলক কাজ ও তার কৃতিত্ব কেন্দ্র করে বিএনপি নেতা এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে এমপি আমির হামজার দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক টানাপোড়েন চলছে। মূলত সেই রাজনৈতিক রেষারেষির জবাব দিতে গিয়েই আমির হামজা এমন বিতর্কিত মন্তব্য করেছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন