গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ নিহত, স্বামী-মেয়ে আহত

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ নিহত, স্বামী-মেয়ে আহত

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী পরিবারের বসতবাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তদের চালানো হামলায় কামরুন নাহার আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী মঞ্জুরুল ইসলাম ও মেয়ে সানজিদা আক্তার মিম গুরুতর আহত হন।

শনিবার (১৫ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা গায়েনবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আকস্মিক হামলায় কামরুন নাহার ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ডাকাতির উদ্দেশ্যে হামলা করা হয়েছে, তা খতিয়ে দেখতে ক্রাইমসিন ইউনিটসহ আলামত সংগ্রহ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন