বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ নম্বরও: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ণ
বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ নম্বরও: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যা অঙ্গীকার করে তা রক্ষা করে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি কাজ করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিএনপি জনগণের সামনে ৩১ দফা উপস্থাপন করে, কিন্তু কাজ দিয়ে তা ৩২ এমনকি ৩৩ নম্বর দফা পর্যন্ত বাস্তবায়ন করে দেখায়।’

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার বহুল প্রতীক্ষিত অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে অবসরপ্রাপ্ত শিক্ষকদের একযোগে এভাবে জমে থাকা টাকা পরিশোধের সরাসরি কথা ছিল না। কিন্তু শিক্ষা ও শিক্ষকের কল্যাণে আমরা এটি বাস্তবায়ন করেছি—এটিই আমাদের বাস্তবায়িত ৩২ নম্বর দফা। আর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার যে উদ্যোগ আমরা নিয়েছি, সেটি ইশতেহারের বাইরে থাকা ৩৩ নম্বর দফার সাফল্য।’

শিক্ষা ব্যবস্থার আমূল আধুনিকায়ন, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা চালু এবং দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতকে দক্ষ কর্মীর হাতে রূপান্তর করার ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে কারিগরি শিক্ষাসহ সুদূরপ্রসারী শিক্ষার মূল ভিত্তি ও কাঠামোগত উদ্যোগগুলো নেওয়া হয়েছিল।

পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষায় অবসরকালীন ভাতার বিশেষ ব্যবস্থা চালু করেছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত সুবিধার পাশাপাশি অবসর সুবিধা হিসেবে একেকজন শিক্ষক এখন এককালীন ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত হাতে পাবেন। গ্রামের একটি অজপাড়াগাঁয়ে বসে থাকা একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য এই অর্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানজনক ভূমিকা রাখবে।’

ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে তিনি জানান, এখন আর কোনো শিক্ষককে ভাতার টাকার জন্য সরকারি দপ্তর বা কারও দরজায় ধর্না দিতে হবে না। সম্পূর্ণ ডিজিটাল ‘আইবিএএস প্লাস প্লাস’ (iBAS++) পদ্ধতির মাধ্যমে শিক্ষকরা ঘরে বসেই সরাসরি তাঁদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাওনা টাকা পেয়ে যাবেন। ফলে কোনো জায়গায় এক টাকাও উৎকোচ বা ঘুষ দেওয়ার সুযোগ থাকবে না।

বর্তমান সরকারের মেয়াদ ও সাফল্যের সমালোচকদের জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বলছিলেন যে আগামী দু-একদিন পরেই সরকারের ১৮০ দিন (ছয় মাস) পূর্ণ হতে যাচ্ছে, আপনারা দেশের মানুষের জন্য কী কী বাস্তবায়ন করেছেন? আমি তাঁদের বলব, ওসমানী স্মৃতি মিলনায়তনে এসে দেখে যান আমরা কী কাজ করেছি। যা আমাদের নির্বাচনী ইশতেহারে সরাসরি যুক্তও ছিল না, সেই ৩২ ও ৩৩ নম্বর দফার জনকল্যাণমূলক কাজও আমরা ইতোমধ্যে হাসিল করেছি।’

মন্তব্য করুন