নরসিংদীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
নরসিংদীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেল্লা শহীদ মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মো. আমীর হোসেন (২৬) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে ট্রেন ছেড়ে দেওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আমীর হোসেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নগর বানিয়াদী এলাকার মৃত সামসুল হকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে আখাউড়ায় মাজারে গিয়েছিলেন আমীর। শুক্রবার ভোরে ঢাকা অভিমুখী 'তিতাস কমিউটার' ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় তিনি ও তাঁর বন্ধুরা ছাদে চড়েন। সকাল সাড়ে ৭টায় নরসিংদী স্টেশনে পৌঁছালে ট্রেন ছাড়ার সময় তড়িঘড়ি করে ছাদ থেকে নামতে গিয়ে পরনের লুঙ্গি পেঁচিয়ে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত ট্রেনের দুই বগির মাঝে পড়ে যান। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদা গুলশানারা কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন