সীমানাপ্রাচীরহীন দীঘিনালা স্কুলে নিরাপত্তাহীনতায় ৭০০ ছাত্রী
রূপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে প্রায় ৭০০ ছাত্রী। দীর্ঘদিনেও সীমানাপ্রাচীর ও আবাসিক হোস্টেল নির্মাণ না হওয়ায় বহিরাগতদের অবাধ চলাচলের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সীমানা সুরক্ষিত না থাকায় প্রতিদিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রীদের। বিশেষ করে যাতায়াতের পথ ও আশপাশের এলাকায় প্রায়ই ইভটিজিংয়ের ঘটনা ঘটছে, যা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানসিক আতঙ্ক সৃষ্টি করছে।
অভিভাবকরা জানান, সাজেক, বাঘাইছড়ি ও লংগদুসহ দূর-দূরান্ত থেকে অনেক ছাত্রী পড়ালেখা করতে আসে। নিরাপদ যাতায়াত ও আবাসনের ব্যবস্থা না থাকায় তাঁদের সর্বদা উদ্বেগে থাকতে হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী শুভমিতা দাস শ্রেষ্ঠা জানায়, সীমানাপ্রাচীর থাকলে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ হবে। সেই সঙ্গে হোস্টেল নির্মাণ করা হলে যাতায়াতের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, "মেয়েদের শিক্ষার পরিবেশ নিরাপদ করতে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণ, নিরাপত্তা জোরদার ও হোস্টেল স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল দরকার।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন মুনি চাকমা জানান, বাউন্ডারি না থাকায় বখাটেদের উৎপাত ও ইভটিজিংয়ের ঘটনা বাড়ছে। দ্রুত সীমানাপ্রাচীর তৈরি না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটবে।
এ অবস্থায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত সীমানাপ্রাচীর এবং আবাসিক হোস্টেল নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এআইএল/সকালবেলা
|