শ্রীমঙ্গলে চা-বাগানে ফুটেছে মায়াবী রাতের ক্যাকটাস
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার বিদ্যাবিল চা-বাগানে দেখা মিলেছে ব্যতিক্রমী রাতের ক্যাকটাস ফুলের। কাণ্ডজুড়ে তীক্ষ্ণ কাঁটাযুক্ত এই ক্যাকটাসটিতে কেবল নিঝুম রাত্রিতেই ফোটে এক মায়াবী ফুল।
সেরিয়াস গোত্রের এই কলামার ক্যাকটাস ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো, এটি সূর্যাস্তের পর পাপড়ি মেলতে শুরু করে এবং ভোরের আলো ফোটার আগেই নেতিয়ে পড়ে।
শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জীবন চন্দ্র দেবনাথ জানান, এটি মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ। খাড়া ও মাংসল এই ক্যাকটাস রাতের বেলায় ফুল ফোটানোর জন্য পরিচিত।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন বলেন, "অনেকে মনে করেন ক্যাকটাস মানেই কেবল রুক্ষ কাঁটা। তবে অনেক ক্যাকটাসেই এমন মনোমুগ্ধকর ফুল ফোটে, যা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং পরিবেশগত গুরুত্ব বহন করে।"
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, বিশ্বে প্রায় ১ হাজার ৮০০ প্রজাতির ক্যাকটাস থাকলেও বাংলাদেশে ৪৬টি প্রজাতির সন্ধান মেলে। সবুজে ঘেরা বিদ্যাবিল চা-বাগানের এ ক্যাকটাস ফুলটি দেখতে এখন রাত জেগে ভিড় করছেন স্থানীয় উদ্ভিদপ্রেমীরা।
এআইএল/সকালবেলা
|