জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ
জাতীয় সম্মাননায় ভূষিত বরিশালের তরুণ সংগঠক আরিফুর রহমান

সাঈদ পান্থ (বরিশাল): প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সুবিচারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সম্মাননা ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ঝালকাঠির তরুণ সংগঠক আরিফুর রহমান। এক দশকের বেশি সময় ধরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার স্বীকৃতিস্বরূপ শনিবার (১৭ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

বর্তমানে ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুর রহমান। ২০১৬ সালে বরিশালের ভাসমান ‘মান্তা’ জনগোষ্ঠীর মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার অভিজ্ঞতাই তাঁর জীবনপ্রবাহ বদলে দেয়। পরবর্তীতে তাঁদের নাগরিক অধিকার, জন্মনিবন্ধন, স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ শুরু করেন তিনি। তাঁর উদ্যোগে গড়ে ওঠা ‘মান্তাকানেক্ট’ প্রকল্পের মাধ্যমে ৩০০ জন মান্তা সদস্যকে আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আনা হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মান্তা জনগোষ্ঠীর জন্য কবরস্থানের জমি বরাদ্দের ক্ষেত্রেও তাঁর বিশেষ ভূমিকা ছিল।

পরিবেশ সুরক্ষায় বরিশাল অঞ্চলে প্লাস্টিকদূষণ রোধ ও কীর্তনখোলা নদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তিনি। এ ছাড়া শিশু-কিশোরদের জলবায়ু সচেতনতায় ‘ইকো অলিম্পিয়াড’ ও ‘ইয়ুথ ক্লাইমেট ক্লাব’ গড়ে তুলে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে পরিবেশ শিক্ষার আওতায় এনেছেন।

রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক হিসেবে করোনা মহামারি ও আম্পানসহ বিভিন্ন দুর্যোগে তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে কুড়িগ্রামের চরাঞ্চলের ৯৫টি পরিবারের জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ‘চর ইয়ুথনেট কমিউনিটি’ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। ঢাকার কড়াইল বস্তিসংলগ্ন জলাভূমি পুনরুদ্ধারে ‘রি-ওয়েট’ প্রকল্প, সুন্দরবনের ‘টাইগার উইডো’দের সহায়তা এবং সিসাদূষণ প্রতিরোধেও তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

বিবিএ সম্পন্ন করে বর্তমানে এলএলবি অধ্যয়নরত আরিফুর রহমান জানান, জাতীয় সম্মাননা প্রাপ্তির পরও তাঁর মূল লক্ষ্য প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তরুণদের সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান তাঁর এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, আরিফুর রহমানের এই স্বীকৃতি দেশের পরিবেশ ও মানবাধিকার রক্ষায় কর্মরত তরুণ সমাজকে আরও অনুপ্রাণিত করবে।

এআইএল/সকালবেলা