ইনানীতে অগ্নিকাণ্ড: স্ত্রী-দুই সন্তানসহ যশোরের তুহিন এখনো নিখোঁজ
আব্দুল্লাহ আল মামুন (যশোর): কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের বাসিন্দা নাহিদুর রহমান তুহিন, তাঁর স্ত্রী আফসানা ও দুই শিশুকন্যা। ঘটনার পর থেকে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনেরা। আগুনে পুড়ে নিহত ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
নিখোঁজ নাহিদুর রহমান তুহিন মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ঢাকার শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেডে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের দেওয়া তথ্য মতে, আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ইনানীর ওই রিসোর্টে থাকার কথা ছিল তাঁদের। কিন্তু শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা গেছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর পর্যায়ক্রমে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের চেহারা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ চলছে। তুহিনের নিখোঁজ থাকার তথ্য পুলিশের কাছে এসেছে। এদিকে উদ্ধার হওয়া জীবিতদের তালিকায় পরিবারের কারও নাম না থাকায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁদের স্বজনেরা।
এআইএল/সকালবেলা