মাগুরায় চার হাজার পিস ইয়াবাসহ নারী আটক
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ শম্পা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী দীপ্ত পালিয়ে গেলেও বাসা থেকে নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা শহরের এশিয়া মহিলা কলেজের পেছনের এক ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পলাতক দীপ্ত ঝিনাইদহের পরিচিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সম্প্রতি শহরে পরপর একাধিক বড় মাদকের চালান জব্দ এবং এ নিয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক আমার সংবাদের মাগুরা প্রতিনিধি মো. মিরাজ আহমেদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মাগুরায় মাদকের হঠাৎ বিস্তার ও সাংবাদিকদের হুমকির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা